গুলি করে ও গলা কেটে তিনজনকে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বুধবার দুর্বৃত্তরা এক তরুণকে গুলি করে হত্যা করেছে। একই দিন ভোলার লালমোহনে এক বৃদ্ধকে ও মাদারীপুরের শিবচরে এক চৌকিদারকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;গোয়ালন্দ (রাজবাড়ী): বুধবার গভীর রাতে উপজেলার লোকমান মেম্বারের পাড়ার আবদুল গফুর চৌধুরীর ছেলে বোরহান উদ্দিনকে (২৩) একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। রাত নয়টার দিকে তিনি তাঁর দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘটনাস্থলে গেলে সেখানে আগে থেকে অপেক্ষা করতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর বন্ধু ছাবদুল মোল্যাকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান এবং অপর বন্ধু জাহাঙ্গীর দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে সেখান থেকে চলে আসেন। শেষে দুর্বৃত্তরা মাথা ও পিঠে গুলি করলে বোরহান ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে এবং ছাবদুল মোল্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোরহানের বড় ভাই গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ভোলা: একদল দুর্বৃত্ত বুধবার সকালে লালমোহন উপজেলার খাড়াকান্দি গ্রামের চান মিয়াকে (৬০) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। লালমোহন থানা পুলিশ রাত ১২টার দিকে বাড়ির পেছনের বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান জানান, চান মিয়ার স্ত্রী বিবি রহিমা গতকাল প্রতিবেশী হেজন আলীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শিবচর (মাদারীপুর): উপজেলার নিলখি ইউনিয়ন পরিষদের চৌকিদার হাবিবুর রহমান ওরফে হাবি চৌকিদারকে (৫০) দুর্বৃত্তরা বুধবার রাতে গলা কেটে হত্যা করে। শিবচর থানার পুলিশ গতকাল সকালে ইউনিয়নের কাউয়ার হাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাবিবুরের বাড়ি ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি ৬ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন।