গুলি করে ছয় লাখ টাকা ছিনতাই
রাজধানীর কমলাপুর এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে ছিনতাইকারীরা গোলাম মোস্তফা (২৮) নামের এক ব্যক্তিকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে দুটি মোটরসাইকেলে চড়ে ছয় ছিনতাইকারী কমলাপুরের কবি জসীমউদদীন রোডের শাহ পরান হোটেলের সামনে গোলাম মোস্তফার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাঁটুতে গুলি করে ব্যাগভর্তি ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের কাছে টহলে থাকা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন আকন্দ ওই জায়গার যাওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিত্সাধীন গোলাম মোস্তফা জানান, তিনি টাকা বদলে দেওয়ার ব্যবসা করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ছয় লাখ টাকা তোলেন। মোটরসাইকেলে মতিঝিলের কমিশনারের গলির বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নেয়।
গোলাম মোস্তফার বাবা হেমায়েত শিকদার প্রথম আলো ডটকমকে বলেন, তিনি ও তাঁর ছেলে মতিঝিলে সেনাকল্যাণ ভবনের সামনের ফুটপাতে নতুন টাকার ব্যবসা করেন। প্রতিদিনই এই স্থানে তাঁরা নতুন টাকা নিয়ে বসেন।
ঘটনার তদন্তকারী মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন আকন্দ বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।