গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যুবক আটক
রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তিকে গুলি করে পালানোর সময় স্বপন (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ বাবুল হোসেনকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল গেন্ডারিয়ার এস কে দাস রোডে থাকেন। পার্শ্ববর্তী মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে তাঁর পথরোধ করে তিন-চারজন সন্ত্রাসী। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর বাঁ পায়ে গুলি করে। চিৎকার ও গুলির শব্দ শুনে লোকজন এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে। লোকজনের ধাওয়ার মুখে সন্ত্রাসীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় কাছাকাছি থাকা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় স্বপনকে আটক করে। তার কাছ থেকে ছয়টি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।আহত বাবুল সাংবাদিকদের বলেন, এক ব্যক্তিকে চাঁদা দিতে নিষেধ করার কারণ জানতে চেয়ে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, কিছু বখাটে যুবক এলাকায় চাঁদাবাজি করে। এতে বাধা দেওয়ায় ওই যুবকেরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তিনজনের অস্বাভাবিক মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় পুরোনো ভবন ভাঙার সময় দেয়াল ধসে পড়ে মো. সবুজ (৩০) নামের এক যুবক মারা যান। তাঁর গ্রামের বাড়ি পাবনায়।গত বৃহস্পতিবার রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই মৃত্যু আত্মহত্যাজনিত। একই দিন বনানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. সাগর (২৭) নামের এক যুবক।