গুলি করে ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইন এলাকায় মো. জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, গতকাল দুপুর ১২টায় ফতুল্লা বাজার এলাকার ইসলামী সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে তিনি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আসছিলেন। মাসদাইর পুলিশ লাইন এলাকায় লোহার মার্কেটের সামনে এলে দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে এবং তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি ব্যাগ দিতে না চাইলে ছিনতাইকারীরা তাঁর পেটে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে এক লাখ টাকা পড়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আরও দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে জসিম উদ্দিনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি শহরের আল্লামা ইকবাল রোড এলাকার আবদুর রশিদের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, ব্যবসায়ীর খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।