গুলি করে ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর সাড়ে আট লাখ টাকা ও একটি প্রাইভেটকার ছিনতাই করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করলেও টাকা উদ্ধার করতে পারেনি।টঙ্গীর তুরাগ এলাকার জিতু সোয়েটার ফ্যাক্টরি লিমিটেডের মালিক মারফত আলী জানান, বন্দর এলাকায় কেনা একটি জমি রেজিস্ট্রি করতে গতকাল সকালে তিনি ভাগনে শাহীন মিয়াকে নিয়ে প্রাইভেটকারে করে উপজেলার নবীগঞ্জে অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি বন্দর উপজেলার মদনপুর নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের সামনে পৌঁছানোর পর ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে। তখন তিন-চারটি মোটরসাইকেলে করে আসা আট-নয়জনের সশস্ত্র ছিনতাইকারীরা গাড়িটি ঘিরে ফেলে। ট্রাফিক সিগন্যাল ছাড়ার পর তাঁর গাড়ি লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে ছিনতাইকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ছিনতাইকারীরা মারফত আলী ও তাঁর ভাগনেকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা সাড়ে আট লাখ টাকাসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।বন্দর থানার ওসি হারুন অর রশিদ জানান, উপজেলার মদনপুরের আন্দিরপাড় এলাকা থেকে পুলিশ দুপুরে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করেছে। এ সময় স্বপন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।