গুলি করে ব্যবসায়ীর ৩২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে গতকাল মঙ্গলবার বিকেলে ইউনুস মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৩২ লাখ টাকা কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ইউনুসের কর্মচারী মোসাব্বির হোসেনকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচ-ছয় ছিনতাইকারী টয়েনবি সার্কুলার রোডের দৈনিক বাংলার মোড়ে শেয়ার ব্যবসায়ী ইউনুস মোল্লার রিকশার গতিরোধ করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বাঁ হাঁটুতে গুলি করে হাতব্যাগ ভর্তি ৩২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।আহত ব্যবসায়ী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ফকিরাপুলে তাঁর একটি আবাসিক হোটেল আছে। টাকা নিয়ে ওই হোটেলে ফেরার পথে তিনটি মোটরসাইকেল তাঁর রিকশা ঘিরে ফেলে। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা গুলি করে টাকার ব্যাগটি নিয়ে যায়।ওসি জানান, আহত ইউনুস হুন্ডি ব্যবসায়ী। তিনি প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৭২ লাখ টাকা তোলেন। এর মধ্যে ইউনুসের কর্মচারী মোসাব্বির নিজের কাছে ৪০ লাখ রেখে বাকি ৩২ লাখ টাকা দেন ইউনুসকে। ওই টাকা নিয়ে দুজনই পৃথকভাবে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। মোসাব্বিরকে আটকের পর পুলিশকে জানান, তাঁর কাছে থাকা ৪০ লাখ টাকা তিনি পাওনাদারদের দিয়েছেন। ওসি জানান, এ ঘটনায় মোসাব্বিরকে আসামি করে থানায় মামলা হচ্ছে। অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় সন্দেহ করা হচ্ছে, মোসাব্বির এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন।