গুলি করে শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই
গাজীপুরের বড়বাড়ী মধ্যগাছা এলাকার সোয়েটার টেক কারখানা লিমিটেডের দুই কর্মকর্তাকে গুলি করে শ্রমিকদের বেতনের টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বড়বাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবু রাসেল মো. সায়েম জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁরা শ্রমিকদের বেতনের ৩৫ লাখ টাকা নিয়ে মধ্যগাছা এলাকায় (গাছা সড়কে) কারখানার প্রধান ভবনের অদূরে ওই কারখানার অন্য একটি ইউনিটে যান। ইউনিটের ফটকে গাড়ি থেকে নামলে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ওই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম পিঠে ও সফিকুল ইসলাম হাতে গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী এক ছিনতাইকারীকে আটক করলেও অন্যরা গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত ওই দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আটক ছিনতাইকারীর নাম ও অন্য তথ্য বলতে চাননি।