গুলি করে সোনালী ব্যাংকের ১২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরের রাইনখোলা এলাকায় গতকাল বৃহস্পতিবার গুলি করে সোনালী ব্যাংকের ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিতে ব্যাংকের এক কর্মকর্তা আহত হন। গত ৬ এপ্রিল রাইনখোলা এলাকাতেই ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে তাদের গুলিতে নিহত হয়েছিলেন হযরত আলী নামের এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক মিরপুর ১ নম্বর শাখার চার কর্মকর্তাসহ কয়েকজন মাইক্রোবাসে করে ১২ লাখ ২০ হাজার টাকা নিয়ে চিড়িয়াখানা রোডে ব্যাংকের একটি উপশাখায় যাচ্ছিলেন। রাইনখোলা বাজারে আসা মাত্র একটি প্রাইভেট কার মাইক্রোবাসের গতি রোধ করে। এ সময় প্রাইভেট কার থেকে নেমে আসে পাঁচ যুবক। তারা অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যাংকের কর্মকর্তা আবদুল খালেক বাধা দেন। এ সময় এক যুবক তাঁকে গুলি করে। আবদুল খালেকের গাল ফুটো হয়ে গুলি দাঁতের নিচে গেঁথে যায়। দুর্বৃত্তরা ব্যাংকের সহকারী কর্মকর্তা আফজাল হোসেন ও মাইক্রোবাসের চালক বেলাল উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তারপর টাকার ব্যাগ ও একটি ব্রিফকেস নিয়ে গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। মাইক্রোবাসে থাকা উপশাখার ব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া টাকাগুলো একটি ব্যাগে ছিল। ব্রিফকেসে ছিল ব্যাংকের কাগজপত্র। সহকারী মহাব্যবস্থাপক এস এম গোলাম মোস্তফা বলেন, ছিনতাই হওয়া টাকাগুলো বাংলাদেশ ইনসুলেটর স্যানিটারি ফ্যাক্টরির (বিআইএসএফ) কর্মচারীদের বেতনের টাকা। বিআইএসএফের নিজস্ব প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে সোনালী ব্যাংকের মিরপুর ১ নম্বর শাখার অধীনে উপশাখাটি স্থাপিত। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। গুলিবিদ্ধ আবদুল খালেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।