গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ধামরাইয়ের কালামপুরে গাড়ির ভেতরে গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে করিম টেক্সটাইল কারখানার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তেরা। কারখানা কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা ৬৬ লাখ টাকা লুট করেছে।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। করিম নামের কারখানার এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, করিম টেক্সটাইল মিলের কয়েকজন কর্মকর্তা ও চারজন নিরাপত্তাকর্মী বিকেল সাড়ে চারটার দিকে ইসলামী ব্যাংকের কালামপুর শাখা থেকে ৬৬ লাখ টাকা তুলে একটি মাইক্রোবাসে কারখানায় ফিরছিলেন। মাইক্রোবাসটি কালামপুর-সাটুরিয়া সড়কে পৌঁছালে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে তাঁদের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা মাইক্রোবাসটির কাচ ভেঙে টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসে থাকা নিরাপত্তা কর্মকর্তা আবদুল করিম ও বাকিরা বাধা দেন। দুর্বৃত্তেরা প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে গাড়ির ভেতরে গুলি করে তারা টাকার থলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় আবদুল করিমের হাত ও পায়ে গুলি লাগে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) এস এম মিজানুর রহমান জানান, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকাগুলো তোলা হয়েছিল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুর রশীদ বলেন, টাকা উদ্ধারসহ দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকিও বসানো হয়েছে।