কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ছাত্র মো. খালিদ সাইফুল্লাহকে গুলি করার কথা স্বীকার করে আজ শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বিপ্লব চন্দ্র দাস। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতা এবং মার্কেটিং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের রাস্তা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুলি চালানোর বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, জবানবন্দিতে বিপ্লব বলেছেন—‘সংঘর্ষের সময় আমি গুলি চালাই। ঘটনার পরদিন সকালে একজন মারা গেছেন বলে জেনেছি।’ পরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপন করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার ছয় আসামি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রূপম চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয় শাখা সদস্য জাহিদুল ইসলাম ওরফে জুয়েল, আবু বকর সিদ্দিক, সুদীপ্ত নাথ ও সজন বরণ বিশ্বাসকে আজ সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে একদিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার দিন হলে ভাঙচুর করেছেন বলে স্বীকার করেন। তবে দাবি করেন, তাঁদের কাছে অস্ত্র থাকলেও কেউ গুলি করেননি। এ সময় তাঁরা সংঘর্ষের প্রেক্ষাপটও তুলে ধরেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা নিশ্চিত করে বলেন, আগামীকাল রোববার এই ছয়জনকে আদালতে নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অন্তত তিনজন শিক্ষার্থী বলেন, বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ৫১ নম্বর সদস্য ছিলেন। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। তবে মার্কেটিং বিভাগে অনিয়মিত ছাত্র হয়ে পড়েছেন। হলে না থাকলেও তিনি ঘটনার রাতে সেখানে গিয়েছিলেন।
গত রোববার রাতে শোকের মাস আগস্ট উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মাথার বাম পাশে গুলি লাগে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার ওই দিনই বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় সাতজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।