গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেল পাঁচ মাদক ব্যবসায়ী
রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে ফেনসিডিলভর্তি একটি মাইক্রোবাস আটক করে। এ সময় মাইক্রোবাস ফেলে পাঁচ মাদক ব্যবসায়ী ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। গত রোববার বিকেলে বাঘা পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাসসহ ২৩০ বোতল ফেনসিডিল জব্দ করে।পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসে করে একদল মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে একদল পুলিশ রোববার বিকেলে বাঘা-ঈশ্বরদী সড়কের বাঘা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। মাইক্রোবাসটি সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। এ সময় তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে বাঘা পৌরসভার সামনে মাইক্রোবাসটিকে অতিক্রম করে মোটরসাইকেল দিয়ে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় পাঁচ মাদক ব্যবসায়ী মাইক্রোবাসটি ফেলে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে বাঘা বাজারের দিকে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন ছুটে পালাতে থাকেন। গুলি ছোড়ার কারণে পুলিশ তাদের ধারের কাছেও ঘেঁষতে পারেনি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাঘায় হাটের দিন থাকার কারণে মাদক ব্যবসায়ীরা দ্রুত জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ জন্য পুলিশ তাদের ধরতে পারেনি।