গুলি ছুড়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কালীরবাজারে গতকাল রোববার দুপুরে গুলি ছুড়ে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালীরবাজারের চারারগোপ এলাকার ব্যবসায়ী মো. মানিক মিয়া সাংবাদিকদের জানান, সকাল সোয়া ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার লাখ ৭৬ হাজার টাকা নিয়ে তিনি এবং তাঁর দুই কর্মচারী আবদুস সালাম ও আবদুল হালিম ব্যাংকে যাওয়ার জন্য রওনা হন। তিনি পায়ে হেঁটে প্রায় ১০ গজ দূরে যাওয়া মাত্র দুটি মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী পাঁচ ছিনতাইকারী তাঁদের পথরোধ করে দাঁড়ায়। এ সময় ছিনতাইকারীরা তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় একটি গুলি তাঁর প্রতিষ্ঠানের দেয়ালে বিদ্ধ হলে দেয়ালের পলেস্তারার ভাঙা অংশ পাশের দোকানে বসা আবুল হাশেম নামের এক ব্যক্তির মুখমণ্ডলে গিয়ে লাগলে তিনি জখম হন। আশপাশের লোকজন তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, টাকা ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।