গুলি-বোমা ছুড়ে সোনার দোকানে ডাকাতি, নিরাপত্তারক্ষী নিহত

সিলেট নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজারে একটি মার্কেটে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে সোনার দোকান লুট করেছে একদল সশস্ত্র ডাকাত। হামলায় বিপণিবিতানের নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীসহ সাতজন। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে একদল অস্ত্রধারী অতর্কিতে জিন্দাবাজারের নেহার মার্কেটে প্রবেশ করে। মার্কেটের নিচতলায় সোনার দোকান। শুরুতেই একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানোয় ব্যবসায়ীসহ আশপাশের এলাকার মানুষ নিরাপদে চলে যান। এ সময় অস্ত্রধারীদের এক পক্ষ সোনার দোকানে লুটপাট শুরু করে এবং অপর একটি পক্ষ রাস্তা ও বিপণিবিতান লক্ষ্য করে হাত বোমা ফাটায় ও গুলি ছোড়ে। লুটপাটে বাধা দিতে গিয়ে বাদশা মিয়া (৫০) নামের একজন নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বিক্ষিপ্তভাবে বোমা ছোড়ায় সাতজন স্বর্ণ ব্যবসায়ী আহত হন। এর মধ্যে সেলিম, পার্থ ও রঞ্জিত নামের তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাদশা মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরের লাউড় গ্রামে। তিনি নগরের হাওয়াপাড়ায় থাকতেন। বিপণিবিতান সূত্রে জানা গেছে, পরমা জুয়েলার্স, আল বারাকা ও কমলা ভান্ডার নামের তিনটি সোনার দোকানে ব্যাপক লুটপাট হয়। এ ছাড়া অস্ত্রধারীরা অন্যান্য দোকানে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলো ডটকমকে জানান, রাজনৈতিক সহিংসতা ভেবে অনেকেই নিরাপদে আশ্রয় নেন। একপর্যায়ে স্বর্ণের দোকানে লুটপাট শুরু হলে আশপাশের এলাকার মানুষ জড়ো হয়ে প্রতিরোধের প্রস্তুতি নেওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে এই প্রতিবেদক দেখেন, নেহার মার্কেটের সামনের রাস্তায় বিচ্ছিন্নভাবে বোমা ফেলা। এগুলোর কোনো কোনোটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথম পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছয়-সাতটি মোটরসাইকেলে ১৫-১৬ জন দুর্বৃত্ত নেহার মার্কেটে আসে। মোটরসাইকেল থেকে নেমেই তারা উপর্যুপরি বোমার বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি তারা গুলি ছুড়তে থাকে। এ সময় জিন্দাবাজার এলাকায় বিদ্যুত্ না থাকায় বোমা ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ীরাও ভয়ে দোকান ফেলে প্রাণ রক্ষার্থে দৌড়াতে থাকেন। এ সময় ডাকাতেরা অন্তত ৩০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মার্কেটের আল বারাকা জুয়েলার্স, কমলাভান্ডার ও পরমা জুয়েলার্সের স্বর্ণালঙ্কার লুট করে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে জিন্দাবাজার পয়েন্টে আসতে পুলিশের সময় লেগেছে এক ঘণ্টা। রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
আহত ব্যবসায়ী পার্থ বণিক প্রথম আলো ডটকমকে জানান, বোমা ও গুলি ছোড়ার পর অস্ত্রধারীর ডাকাতেরা লুটপাট করে ঘটনাস্থল ত্যাগ করে। তখন বৃষ্টি ও বজ্রপাত হওয়ায় ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের শব্দ বিভ্রান্তি সৃষ্টি করে। ঘটনাস্থলে অবস্থানরত সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিকদের জানান, পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লুটপাটকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অবিস্ফোরিত বোমা পরীক্ষা করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষজ্ঞ দল মার্কেটে অবস্থান করছে।