গুলি-বোমা ফাটিয়ে ১৮ লাখ টাকা লুট
এলোপাতাড়ি গুলি করে এবং বোমা ফাটিয়ে রাজধানীর ফকিরেরপুলের মনডিয়াল মানি এক্সচেঞ্জের প্রায় ১৮ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন মনডিয়াল মানি এক্সচেঞ্জের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল (৪৫), কোষাধ্যক্ষ রেজাউল করিম (৫০) এবং পাশের দোকান মৃধা স্টিলসের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪)। তাঁদের মধ্যে রেজাউল করিম বুকে এবং অন্য দুজন ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া আটটার দিকে ৫৪ ডিআইটি এক্সটেনশন রোড ফকিরেরপুলের মনডিয়াল মানি এক্সচেঞ্জে এ ঘটনা ঘটে। মানি এক্সচেঞ্জটি বন্ধ করে ব্যবস্থাপক ও কোষাধ্যক্ষ টাকার ব্যাগ নিয়ে ভবনের পেছনেই মালিকের বাসায় রাখতে যাচ্ছিলেন। দোকান বন্ধ করার পরপরই মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক এলোপাতাড়ি কয়েকটি গুলি করে এবং ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।হাসপাতালে আহত ব্যক্তিরা জানিয়েছেন, চারটি মোটরসাইকেলে আটজন যুবক এলোপাতাড়ি গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়েছে। ওই ব্যাগে প্রায় ১৪ লাখ বাংলাদেশি টাকা এবং বাকি টাকার বৈদেশিক মুদ্রা ছিল।পল্টন থানার অপারেশন্স কর্মকর্তা জানান, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা আটজন দুর্বৃত্তের কথা বললেও প্রত্যক্ষদর্শীরা তিন-চারজনের কথা বলেছেন। পুলিশ দুর্বৃত্তদের খোঁজে রয়েছে।