গুলি-বোমায় নিহত হয় হোলি আর্টিজানের পাঁচ জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলি-বোমায় নিহত হয় হোলি আর্টিজানের পাঁচ জঙ্গি
গুলি-বোমায় নিহত হয় হোলি আর্টিজানের পাঁচ জঙ্গি

গুলি ও বোমায় নিহত হয় গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জন। আজ শনিবার ওই পাঁচ জঙ্গি এবং ওই বেকারির পাচক সাইফুল ইসলাম চৌকিদারের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। তাতে এ তথ্য উঠে এসেছে।

আজ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটি) পরিদর্শক হুমায়ুন কবিরের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। হুমায়ুন কবির আজ প্রথম আলোর কাছে এ প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেন।
সোহেল মাহমুদ আজ প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে এই ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। নিহত পাঁচ জঙ্গির মধ্যে তিনজন গুলিতে এবং দুজনের শরীরে গুলির পাশাপাশি বোমার আঘাত ছিল।’
সোহেল মাহমুদ বলেন, পাঁচ জঙ্গির শরীরে গুলি ও বোমার স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে। জঙ্গিদের মধ্যে শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বলের হাত বোমার আঘাতে উড়ে গিয়েছিল। জঙ্গি খায়রুল ইসলাম ওরফে পায়েলের গালে বোমার আঘাত ছিল। বাকি তিন জঙ্গি নিবরাস ইসলাম, রোহান ইবনে ইমতিয়াজ ও মীর সামেহ মোবাশ্বেরের মৃত্যু হয় গুলিতে।
সোহেল মাহমুদ বলেন, নিহত জঙ্গিদের ভিসেরা পরীক্ষা করা হয়। তাদের শরীরে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোলি আর্টিজানের পাচক সাইফুল ইসলাম চৌকিদার গুলিতে মারা গেছেন।
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের বিরুদ্ধে ১ জুলাই রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা রবিউল করিম ও সালাহউদ্দিন খান। ফরেনসিক বিভাগ জানায়, আগামী শনিবার তাঁদের দুজনের এবং হোলি আর্টিজানের কর্মচারী জাকির হোসেনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
এর আগে ঢাকা ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে গত ১৯ জুন নিহত ২০ জনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হয়।