গুলি, সংঘর্ষ, নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার কাঞ্চনা ইউপির একটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলীর বাঁ পায়ে গুলি করে দুর্বৃত্তরা l প্রথম আলো
সাতকানিয়ার কাঞ্চনা ইউপির একটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলীর বাঁ পায়ে গুলি করে দুর্বৃত্তরা l প্রথম আলো

ব্যালট পেপার ছিনতাই, গুলি ও ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, দোকান ভাঙচুর, কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার ও নির্বাচন বর্জন—চট্টগ্রামের সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের চিত্র ছিল এমনই। নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজালিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদারসহ ১৭ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার বাসিন্দা এমরান। তাঁর কাছে দেশীয় অস্ত্র ও গুলির একটি খোসা পাওয়া গেছে।
উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে সোনাকানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নূর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী ছিলেন নয়টি ইউনিয়নে। এ ছাড়া ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রভাব বিস্তার ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন এওচিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমুল ইসলাম, বাজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন সিকদার এবং খাগরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসীম উদ্দিন।
এদিকে এওচিয়া, পশ্চিম ঢেমশা ও ঢেমশা ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে নির্বাচন স্থগিত করে প্রশাসন।
গতকাল ভোট গ্রহণ চলাকালে বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর বাঁ পায়ে গুলি করে দুর্বৃত্তরা। তবে এ জন্য তিনি তাঁর প্রতিপক্ষ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের দায়ী করেছেন। মিজানুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।
সকাল সোয়া আটটায় পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম সিকদার। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী তাপস দত্ত ও তাঁর সমর্থকেরা নুরুল ইসলামকে কেন্দ্র থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন। এরপর তাঁকে নিজের গাড়িতে করে সাতকানিয়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন তাপস দত্ত। গতকাল সকাল নয়টার দিকে থানায় আটক অবস্থায় প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন নুরুল ইসলাম।
এ প্রসঙ্গে তাপস দত্ত বলেন, নুরুল ইসলাম কেন্দ্রে গুলিবর্ষণের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ কারণে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে আনা প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন তাপস দত্ত।
গতকাল দুপুর ১২টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি সাতকানিয়ায় বিভিন্ন কেন্দ্রে গোলযোগ হওয়ার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটায় নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে অতীতের তুলনায় এবার অনেক শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সাতকানিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল সকাল আটটায় ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। তবে ঘণ্টা খানেক পর থেকেই বিভিন্ন কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। এতে দুপুর হতেই অনেকটা ফাঁকা হয়ে যায় ভোটকেন্দ্রগুলো। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।
সকাল সোয়া নয়টায় কেঁওচিয়া ইউনিয়নের বায়তুশ শরফ শাহ জব্বারিয়া ফোরকানিয়া ও ইবতেদায়ি মাদ্রাসায় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
পৌনে ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের দুর্গাবাড়ি ভোটকেন্দ্রেও নারী ও পুরুষ ভোটারের লম্বা সারি ছিল। প্যান্ডেল টানিয়ে এই কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী তাপস দত্ত নিজেই এসে চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত একটি ব্যালট বই (১০০টি ব্যালট পেপার থাকে) নিয়ে যান বলে জানান কেন্দ্রের দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা জেবুন্নেসা। আছিয়া খাতুন নামের এক ভোটার অভিযোগ করেন, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের জন্য ব্যালট পেপার দেওয়া হলেও চেয়ারম্যানের ব্যালট দেওয়া হয়নি। তবে ব্যালট বই নিয়ে যাওয়ার বিষয়টি জানা নেই বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা নিউটন শর্মা।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্র প্রায় ফাঁকা। সকাল সাড়ে নয়টার দিকে এ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম সিকদারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। কেন্দ্রের পাশে তিনটি দোকান ভাঙচুর করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিমল কান্তি পাল প্রথম আলোকে বলেন, ‘তাপসবাবু নিজে এসে ব্যালট পেপার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নিতে দিইনি। তখন তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ছাড়া কেন্দ্র থেকে কে বা কারা অন্তত ২৫টি ব্যালট ছিনতাই করে নিয়ে যান। পরে পুলিশ তা উদ্ধার করে।’
বেলা সাড়ে ১১টায় প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্র প্রায় শূন্য। ভোটকেন্দ্রে অবস্থানকালে বাইরে পটকা বিস্ফোরণের তিনটি শব্দ শোনা যায়। এ কেন্দ্রে সকালে অন্তত ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এদিকে সোয়া একটায় এওচিয়া ইউনিয়নের মধ্য এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রও ভোটারশূন্য ছিল। তখন বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা অবস্থান করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদুল আলম বলেন, সকাল থেকেই একটি পক্ষ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। পুলিশের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। তবে দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে একের পর এক ফাঁকা গুলি ছোড়ে। এতে প্রাণের ভয়ে ভোটাররা সরে পড়েন। দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাসে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন।
বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি ও সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সরকারদলীয় প্রার্থী ও তাঁর সমর্থকেরা ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছেন। বিএনপির প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই প্রহসনের এই নির্বাচন বাতিল করে সব ইউনিয়নে নতুন করে নির্বাচন দেওয়া হোক।