গুলিতে আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের গুলিতে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মংক্য মারমা (৫১) নিহত হয়েছেন। তাঁকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সোমবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
গত রোববার রাত সোয়া আটটার দিকে মংক্য মারমা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ি গ্রামের নিজ বাড়ির পাশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মংক্য মারমা বাইরে থেকে বাড়িতে আসার পর পাশের নলকূপে হাত-মুখ ধুতে গেলে ওত পেতে থাকা বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি করলে তা শরীর ভেদ করে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত মংক্যর ছেলে ক্যচাই মারমা বলেন, ‘বাবার শরীরের দুটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলির আওয়াজ পাওয়া গেছে মাত্র একবার।’
ময়নাতদন্তকারী চিকিৎসা কর্মকর্তা মংক্য চিং সাগর জানান, নিহত মংক্য মারমার শরীরে কোনো গুলি পাওয়া যায়নি। গুলিটি বুকে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেছে। নিহত মংক্য মারমার ছেলে ক্যচাই মারমা বলেন, ‘আমার বাবা রাজস্থলী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’
স্থানীয় একাধিক সূত্রও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে দলীয় কোন্দলের কথা জানায়। নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিহত মংক্য মারমা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী।
তবে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবা চ মারমা দলীয় কোন্দলের কথা অস্বীকার করে বলেন, ‘সামাজিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। কয়েক দিন আগে সামাজিক কিছু বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে মংক্য মারমার ঝামেলা হয়েছিল।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লংবতী ত্রিপুরাও দলীয় কোন্দলের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা মংক্যদাকে সব সময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসাহ দিয়েছি। তিনিও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন।’
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি শহরে আদালত সড়কের শাপলা হোটেলের সামনে আয়োজিত প্রতিবাদ সভায়ও মংক্য মারমাকে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বলে বক্তারা উল্লেখ করেন। অপর দিকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ নিয়েও কিছু ব্যক্তির সঙ্গে মংক্য মারমার মনোমালিন্য চলছে বলে জানা গেছে। তবে সেটা হত্যাকাণ্ডের কারণ হবে, তা মনে করেন না স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আনোয়ার বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরাও কিছু আলামত পেয়েছি। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না।’