গুলিতে আহত দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছে। তাদের ধরে নিয়ে গেছে বিএসএফ। গত বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিশা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের আবদুল কুদ্দুস (৩৬) ও শরিফুল ইসলাম (২৫)। গ্রামবাসী জানান, ভোর চারটার দিকে শরিফুল ইসলাম, আবদুস কুদ্দুসসহ কয়েকজন রাখাল কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার খলিশা সীমান্ত দিয়ে গরু নিয়ে আসছিলেন। জিরো পয়েন্টে আসা মাত্রই খলিশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন এবং শরিফুল ইসলাম ও কুদ্দুসকে ধরে নিয়ে যান।সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মেজর জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে অপহূত ব্যক্তিদের ফেরত চাওয়া হয়। পরে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটা ৩৫ মিনিট পর্যন্ত কুশখালী সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে এক পতাকা-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।