সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম (৩৮) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত দুইটায় তিনি মারা যান। গত রোববার রাতে তিনি মোটরসাইকেলে করে কামারখন্দ উপজেলার জামতৈল থেকে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা রেলক্রসিংয়ের কাছে তাঁকে পেছন থেকে গুলি করে। এতে একটি গুলি তাঁর পায়ে এবং একটি গুলি মাথায় লাগে। গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর সেখান থেকে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাত দুইটার দিকে মাহবুবুল আলম মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই মোহাম্মদ আলী জিন্নাহ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ২০ জনকে আসামি করে কামারখন্দ থানায় মামলা করেছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।