গুলিতে ইউপিডিএফের দুজন নিহত
রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের হারিহাবা এলাকায় একদল সন্ত্রাসীর গুলিতে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ব্যক্তিরা হলেন লংগদু উপজেলার কাট্টলি এলাকার মক্কা চাকমার ছেলে বিদ্যা রঞ্জন চাকমা (৪০) ও দ্বীন মোহন চাকমার ছেলে নবায়ন চাকমা (২৫)। এ সময় আহত হন সুগত চাকমা (৪০) নামের এক ব্যক্তি।ইউপিডিএফের অভিযোগ, হতাহত ব্যক্তিরা তাদের দলের সদস্য। সাংগঠনিক সফরে গিয়ে সন্তু গ্রুপের জনসংহতি সমিতির একদল সন্ত্রাসীর গুলিতে তাঁরা হতাহত হয়েছেন।ইউপিডিএফের তথ্য ও প্রকাশনা বিভাগের সোনামণি চাকমা বলেন, গতকাল বৃহস্পতিবার ইউপিডিএফের ওই তিন সদস্য সাংগঠনিক সফরে হারিহাবায় যান। বেলা সাড়ে তিনটা থেকে চারটার দিকে একটি দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার সময় একদল সন্ত্রাসী তাঁদের ধাওয়া করে। এ সময় দৌড়ে এসে নিজস্ব ট্রলারে (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) ওঠার সময় বিদ্যা রঞ্জন চাকমা ও নবায়ন চাকমা গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে যান। আর সুগত চাকমা কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হন।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই।’ নিজেদের সংগঠনের কারও জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জানামতে ইউপিডিএফের সদস্যরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করে আসছে।’লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে স্থানটি অনেক দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না।’