রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হবে আজ বুধবার। ওই হত্যাকাণ্ডের ঘটনায় গুলিতে ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটি আলামত হিসেবে জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চলতি বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন। এ সময় গুলিতে ইয়াকুবের অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। গ্রেপ্তার বখতিয়ার সংরক্ষিত নারী আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে।
এই মামলা তদন্তকারী ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে ইয়াকুবের অটোরিকশা ও গতকাল সন্ধ্যায় হাকিমের রিকশাটি ডিবি কার্যালয়ে এনে জব্দ করা হয়। জোড়া খুনের মামলার আলামত হিসেবে এ দুটি জব্দ করা হয়েছে। গুলিতে অটোরিকশাটির সামনের কাচ ভেঙে যায়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইয়াকুব দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশা চালাতেন। অটোরিকশাটি জব্দ করা হলেও সেটি জনকণ্ঠ কর্তৃপক্ষ চাইলে ব্যবহার করতে পারবে। নিহত আবদুল হাকিমের মা মনোয়ারা বেগম ও ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগমের বক্তব্য সোমবার নেওয়া হয়েছে। অভিযোগপত্রে এ দুজনকে সাক্ষী হিসেবে রাখা হবে। কারণ, গুলিতে আহত হাকিম ও ইয়াকুব মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে এ দুজনকে বিভিন্ন তথ্য দিয়েছেন।
সূত্র আরও জানায়, কাশিমপুর কারাগারে আটক বখতিয়ারকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হবে। ডিবি তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বখতিয়ারের পিস্তলের লাইসেন্স নিতে ব্যবহৃত নাম-ঠিকানা যাচাইয়ের প্রতিবেদন আজ ডিবির কাছে পৌঁছাতে পারে বলে জানা গেছে।
পুলিশ ও আদালতে কয়েকজনের দেওয়া জবানবন্দি সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় ১৫ এপ্রিল রাতে
রমনা থানায় মামলা করেন হাকিমের মা মনোয়ারা বেগম। ডিবি পুলিশ মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর এই জোড়া খুনের ঘটনায় বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরানকে শনাক্ত করে। ৩১ মে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে ডিবি।