গুলিতে ছাত্রদল কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে মো. পারভেজ (১৬) নামের ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার জন্য স্থানীয় ছাত্র ও যুবলীগের কর্মীদের দায়ী করেছে বিএনপি। এ ঘটনায় মো. রাশেদ (১৮), মো. রাজুসহ (১৭) আরও ছয়-সাতজন কর্মী-সমর্থক আহত হয়। তাদের চাটখিল উপজেলার নোমান হাসপাতালে ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পারভেজ আমিশাপাড়া কামিল মাদ্রাসার ছাত্র এবং আসন্ন দাখিল পরীক্ষার্থী। সে পালপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে পারভেজসহ কয়েকজন ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আমিশাপাড়া বাজারে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে কয়েকজনকে আহত করে পালিয়ে যায়।
উপজেলা বিএনপির নেতা তৌহিদুল ইসলাম ও যুবদলের আহ্বায়ক আইনজীবী মো. সেলিম অভিযোগ করেন, ছাত্রদলের ওই কর্মীরা আমিশাপাড়া কলেজ ও মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ছাত্র ও যুবলীগের কর্মীরা অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালান।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল ছাত্র ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, আমিশাপাড়া কলেজের এক ছাত্রীকে নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। যার জের ধরে উভয় পক্ষ আমিশাপাড়া বাজারে গোলাগুলি ও মারামারিতে লিপ্ত হয়। এতে একজন মারা যায়।