গুলিতে ছাত্রদল নেতা আহত
রাজধানীর পল্টন থানার শান্তিনগরে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব (৩৫) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশের ধারণা, ঠিকাদারি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও পল্টন থানা পুলিশ জানায়, হাবিবুর রশিদ সপরিবারে শান্তিনগর ইস্টার্ন প্লাসের পেছনে তাজ ডোমিনো ফরচুনেটো নামের একটি বাড়িতে থাকেন। বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে গলির মুখে আসতেই মোটরসাইকেল আরোহী চার-পাঁচজন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি তাঁর মাথা, পেট, পা ও বুকে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন এইচ এ নাজমুল হাকিম জানান, চারটি গুলির মধ্যে মাথার গুলিটি বের করা হয়েছে। হাবিবুর রশিদ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হাবিবুর রশিদকে হত্যা করার জন্যই গুলি চালানো হয়েছে। গয়েশ্বর রায় বলেন, এটি রাজনৈতিক কারণে হতে পারে।পরিবারের দাবি, হাবিবুর রাজনীতির পাশাপাশি শেয়ার ব্যবসা করেন। ব্যবসা নিয়ে তাঁর সঙ্গে কারও বিরোধ নেই।