
রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী শরিফ হোসেন ওরফে সায়মনকে (৩২) গুলি চালিয়ে হত্যা করে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি ৪৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় তাঁর বাবা ইসরাইল হোসেন (৫৫) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরিফ হোসেন ও তাঁর বাবা মতিঝিলের ১১৫/১২০ আদমজী কোর্টে ইউনিভার্সেল মানি এক্সচেঞ্জের মালিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে মানি এক্সচেঞ্জ বন্ধ করে শরিফ ও তাঁর বাবা ৪৮ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন। প্রাইভেট কারের চালক আবদুল আলীম পাশের বাড়ির গ্যারেজে গাড়ি রাখতে ঢোকেন। চালক গাড়ি থামালে তাঁরা দুজন নেমে হেঁটে বাসার উদ্দেশে রওনা হন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী এসে এলোপাতাড়ি গুলি করে শরিফের হাত থেকে কালো রঙের কাপড়ের ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। গুলিতে বাবা ও ছেলে আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁদের প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক বুকে গুলিবিদ্ধ শরিফকে মৃত ঘোষণা করেন। দুই হাঁটু, ডান বাহু ও ডান বগলে গুলিবিদ্ধ ইসরাইলকে রাত ১১টার পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।
বাবা-ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে শরিফের মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। শরিফ হোসেনের স্ত্রী আলপনা ইয়াসমিন বার বার মূর্ছা যান। এক বছর আগে শরিফের সঙ্গে আলপনার বিয়ে হয়।
ইসরাইলের মামাতো ভাই ব্যবসায়ী এস এম সাঈদ সুফি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ছিনতাইকারীরা এ সুযোগটি কাজে লাগিয়ে নিরাপদে পালিয়ে গেছে। তিনি বলেন, বেচাকেনার টাকা প্রতিদিন ব্যাংকে রাখলেও সপ্তাহের শেষ দিনে ব্যবসা বেশি হওয়ায় তা ব্যাংকে রাখার সময় ছিল না। মনে হচ্ছে ছিনতাইকারী চক্রটি কিছুদিন ধরে তাঁদের অনুসরণ করছিল।
শরিফের বাড়ি ঢাকার নবাবগঞ্জের সুজাপুরে। তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন।
রাতে যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ উজ জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে মনে হচ্ছে। টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেওয়ার কথা বলা হলেও কেউ তা শোনেননি।