
রাজধানীর পল্লবী থানার কালশীতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে সংঘর্ষ, আগুনে পুড়ে নয়জন ও গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার ছয়টি মামলা হয়েছে৷ এর মধ্যে তিনটি মামলায় আসামি করা হয়েছে ক্যাম্পের বাসিন্দা ও গুলিতে নিহত কারচুপি-শ্রমিক মো. আজাদকে (৪০)৷
গত শনিবারের ওই ঘটনার জন্য ক্যাম্পের বাসিন্দারা আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহ্কে দায়ী করেছেন৷ তবে সাংসদ এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন৷
১০ জন হত্যার বিচারের দাবিতে ক্যাম্পের বাসিন্দারা গতকাল সকাল থেকে ক্যাম্পের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন৷ রাত সোয়া নয়টার দিকে ১০টি লাশ ক্যাম্পে নেওয়া হয়৷ রাত ১২টার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং লাশগুলো কালশী কবরস্থানে দাফন করা হয়৷
শনিবার ভোরে ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা আটটি ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়৷ এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে একই পরিবারের নয়জন মারা যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা সংঘর্ষে ক্যাম্পের বাসিন্দা আজাদ গুলিতে নিহত হন। পুলিশসহ অর্ধশতাধিক আহত হন।
শনিবারের ঘটনায় গতকাল পল্লবী থানায় হওয়া ছয়টি মামলার মধ্যে একটি করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম৷ এ মামলায় নিহত আজাদসহ এক হাজার ৩০৯ জনকে আসামি করা হয়। মিরপুরের বাসিন্দা মোবারক হোসেন ও বাউনিয়া বাঁধের চা-দোকানি ওমর ফারুকের করা দুটি মামলায়ও আজাদকে অাসামি করা হয়েছে৷ এ দুই মামলায় আসামি করা হয়েছে মোট দুই হাজার ৪১২ জনকে৷ অপর তিনটি মামলায়ও ক্যাম্পের বাসিন্দাদের আসািম করা হয়৷ এসব এজাহারে নাম উল্লেখ থাকা ৩৪ জনের মধ্যে নারীও আছেন৷
আগুনে পুড়ে নয়জন এবং গুলিতে আজাদের মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় পুলিশের করা মামলায় বলা হয়, ত্রিমুখী সংঘর্ষে আজাদ গুলিবিদ্ধ হন এবং পরে তিনি হাসপাতালে মারা যান। অজ্ঞাতনামা আসামিরা ক্যাম্পে অগ্নিসংযোগ করে ও ইটপাটকেল মেরে মানুষের মৃত্যু ঘটিয়েছে।
স্ট্রান্ড্রেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিআরজিএস) কুর্মিটোলা ক্যাম্প শাখার সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক মুন্না হোসেন বলেন, ‘পুলিশ আজাদকে গুলি করে মারল। সেই আজাদের বিরুদ্ধেই মামলা করা হলো৷ আবার পুলিশের সামনে যুবলীগের নেতা-কর্মীরা আটটি ঘরে তালা মেরে আগুন দিল। অথচ পুলিশ হামলাকারীদের রক্ষা করতে এবং এই বর্বর ঘটনা ধামাচাপা দিতে নিজেরা ও বহিরাগতদের দিয়ে এসব মামলা করিয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, শবে বরাতে আতশবাজি পোড়ানো ও ফোটানো নিয়ে বিহারিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ক্যাম্পের বাসিন্দাদের বিরুদ্ধে বিহারিদের এক পক্ষ ও ক্ষতিগ্রস্ত দোকানিরা মামলা করেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে আসেননি।
শনিবারের ঘটনার প্রতিবাদে ও ১০ হত্যার বিচারের দাবিতে গতকাল বেলা ১১টার পর কুর্মিটোলা ক্যাম্পের শত শত নারী-পুরুষ কালো ব্যাজ লাগিয়ে সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ তাঁরা ঘটনার জন্য সাংসদ ইলিয়াস মোল্লাহ্কে দায়ী করেন এবং তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেন৷ তাঁর কুশপুত্তলিকাও পোড়ানো হয়৷
সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ সাঁজোয়া যান ও জলকামান নিয়ে ক্যাম্পের সামনে অবস্থান নেয়। ক্যাম্পের আশপাশের দোকানপাট বন্ধ ছিল। ক্যাম্পের ঘরে ঘরে ওড়ানো হয় কালো পতাকা।
সকালে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল পুড়ে যাওয়া আটটি ঘর ফিতা দিয়ে ঘিরে রাখে। তারা ঘরগুলো থেকে আলামত সংগ্রহ ও জব্দ তালিকা করে।
বেলা তিনটার পর মিরপুরের বিভিন্ন ক্যাম্প থেকে বিহারিরা কুর্মিটোলা ক্যাম্পে যাওয়ার পথে কালশী রোডে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে ১০ জনের লাশের ময়নাতদন্ত শেষ হয়। রাত সোয়া নয়টার দিকে কড়া পুলিশ
পাহারায় লাশগুলো ক্যাম্পে নেওয়া হয়৷ এ সময় সেখানে কান্নার রোল পড়ে। খুনিদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন লোকজন৷ সাংসদের প্রতিও অনেকে ক্ষোভ প্রকাশ করেন৷
ক্যাম্পের নেতারা ঘোষণা দেন, শনিবারের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ক্যাম্পের বাসিন্দাদের ছেড়ে না দেওয়া পর্যন্ত তাঁরা লাশ দাফন করবেন না৷ রাত ১২টা পর্যন্ত রাস্তার ওপর খাটিয়ায় লাশ রেখে তাঁরা বিক্ষোভ করেন৷ রাত ১২টার পর লাশগুলো কালশী কবরস্থানে দাফন করা হয়৷
এসপিআরজিএসের কুমির্টোলা ক্যাম্প শাখার সাধারণ সম্পাদক মুন্না হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে ক্যাম্পের চেয়ারম্যান জালালউদ্দিন নিউ কুর্মিটোলা ক্যাম্প থেকে পাশের রাজু বস্তিতে অবৈধ সংযোগ দিতে রাজি না হওয়ায় সাংসদ ক্ষুব্ধ হন। এর জের ধরেই সাংসদের নির্দেশে যুবলীগের নেতা-কর্মীরা ঘরে আগুন দিয়েছেন৷
তবে সাংসদ ইলিয়াস মোল্লাহ্ অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো বস্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই৷ রাজু বস্তির বাসিন্দারা বিদ্যুৎ-সংযোগের দাবিতে সড়ক অবরোধ করায় তিনি সংযোগ দিতে চেষ্টা করার আশ্বাস দিয়েছিলেন৷ এ জন্য তিনি কুর্মিটোলা ক্যাম্পের চেয়ারম্যানকে সংযোগ দিতে বলেছিলেন৷ এ নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল৷ তাঁর কোনো লোক বা যুবলীগের কেউ বিহারিদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷
দিশেহারা শওকত: আগুনে পুড়ে মারা যাওয়া নয়জনের মধ্যে শওকত হোসেনের স্ত্রী ও দুই বছরের সন্তান মারুফ রয়েছে৷ তাদের হারিয়ে দিশেহারা শওকত৷ তিনি প্রথম আলোকে বলেন, স্ত্রী-সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘নিষ্পাপ এ শিশুর মুখটা মনে পড়লে ঠিক থাকতে পারি না। এখন যে আমার সব শেষ৷’
শওকত বলেন, প্রতিবছরের মতো এবারও শবে বরাতে তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুর ইয়াছিন আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আগুনে ইয়াছিনের স্ত্রী, সন্তান, তিন মেয়ে, ছেলে, পুত্রবধূসহ নয়জন পুড়ে মারা গেছেন।