গুলিতে নিহত যুবকের লাশ দিল বিএসএফ
কয়েক দফা চিঠি চালাচালির পর কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ গতকাল সোমবার ফেরত দেওয়া হয়েছে। সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক পিলারের সাব পিলার-১-এর কাছে ভারতীয় সীমানায় গত শনিবার রাতে ওই যুবক বিএসএফের গুলিতে আহত হন। রোববার সকালে ভারতের কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই যুবকের নাম মুকুল মিয়া (৩৫)। তিনি ফুলবাড়ীর পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফের ১২৪ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর ডিবি সরমা, করলা কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর মোহলাল লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে লাশ গ্রহণ করেন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার রাই মোহন রায়।
সূত্র আরও জানায়, শনিবার ভোরে ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্তে কাঁটাতারবিহীন ফাঁকা জায়গা দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে মুকুল পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্সল্যান্ডে পড়ে যান। পরে বিএসএফ তাঁকে টেনেহিঁচড়ে ভেতরে নিয়ে যায়। রোববার সকালে তিনি কোচবিহার হাসপাতালে মারা যান।