গুলিতে নিহত রাখালের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি রাখাল হজরত আলীর লাশ গত মঙ্গলবার রাতে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
হজরত মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত হন। তাঁর বাড়ি দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শূন্য ৬ রেখার ফটক দিয়ে হজরতের (৩৫) লাশ কোচবিহারের মেকলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল সিনহা পাটগ্রাম থানার ওসি অবনি শংকর করের কাছে হস্তান্তর করেন।
জানতে চাইলে ওসি অবনি শংকর কর প্রথম আলোকে বলেন, পরে লাশটি হজরতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবির পরিচালক লে কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, গুলিতে হজরত নিহত হওয়ার এ ঘটনায় মঙ্গলবার বেলা একটা থেকে তিনটা পর্যন্ত তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। সীমান্তে গুলিতে নিহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস দেয় বিএসএফ।