গুলিতে নিহত সাংসদ লিটনের আসনে ভোট ২২ মার্চ
নিজ বাড়িতে গুলিতে নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ভোট গ্রহণ ২২ মার্চ। বিদায়ের তিন দিন আগে আজ রোববার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিব কমিশনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ মার্চ।
আজ বিকেলে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তফসিল ঘোষণা করা হয়। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ভোট গ্রহণ করবে।
রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ইসি কর্মকর্তারা জানান। এই আসনে ভোটার আছেন ৩ লাখ ২ হাজার ৮৫৩ জন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি লিটন।