গুলিতে শিশু আহতের ঘটনায় বন্দুক জব্দ
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত রোববার রাতে ছাত্রলীগের কর্মী সোহরাব হোসেন ওরফে শুভর বাবা মো. জকরিয়ার বৈধ একনলা বন্দুকটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে ছাত্রলীগের কর্মী সোহরাবসহ ১০-১২ জন যুবক শিবিরের ক্যাডার মোহাম্মদ এনামের বাড়িতে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি করেন। এনামকে না পেয়ে ফিরে যাওয়ার সময় ওই যুবকদের মধ্যে একজন এনামদের বাড়ির দরজা লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাকিব নামের ১০ বছরের একটি শিশুর পায়ে গুলি লাগে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘শুনেছি সোহরাবের বাবার বৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। তাই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অস্ত্রটি জব্দ করা হয়েছে।’
মো. জকরিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার লাইসেন্স করা বন্দুকটি একটি আলমারিতে তালাবদ্ধ করে রাখা হয়। ওই আলমারির চাবি কখনো আমার হাতছাড়া হয়নি।’ তিনি বলেন, গত এক বছর ওই বন্দুক ব্যবহার করা হয়নি।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে, বন্দুকটি ব্যবহার হয়েছে কি না?