গুলিতে শিশুসহ দুজন আহত
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল শুক্রবার গুলিতে এক শিশুসহ দুজন আহত হয়েছে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও টাকা ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ছিল বলে শিশুটি গুলিবিদ্ধ হয়।আহত মো. সজীবের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে খিলগাঁও থানার গৌরনগর এলাকার আলমগীর, মাইনুদ্দিনসহ কয়েকজন যুবক সজীবের তেলের দোকানে হানা দেয়। তারা দোকান থেকে জোর করে টাকা নিয়ে গৌরনগর এলাকার দিকে রওনা দেয়। সজীব পিছু নিলে তারা এলোপাতাড়ি গুলি করে। এতে সজীবের ডান পায়ের ঊরু ও অনীক (১২) নামের ওই শিশুর ডান হাতের আঙুলে গুলি লাগে। যুবকেরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সজীবের বাসা ডেমরায় এবং শিশুটির বাসা খিলগাঁওয়ে।ডেমরা থানার এসআই শাহ আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বালুদ্বীপ এলাকায় ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে চাপা উত্তেজনা আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়। এর জের ধরে গতকাল এ ঘটনা ঘটে। আহত শিশুটি ঘটনাস্থলের পাশে থাকায় সেও গুলিবিদ্ধ হয়।গতকাল সন্ধ্যায় ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকিন বলেন, আধিপত্য বিস্তার ও টাকা ছিনিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছে। জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।