গুলিতে ২ জেএসএস নেতাসহ নিহত ৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলীতে গতকাল বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) দুজন নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির নেতারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এম এন লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে সংগঠন দুটি অভিযোগ অস্বীকার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা ওরফে প্রীতিশ বাবু (৫০), সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা (৪৭) ও স্থানীয় যুধিষ্ঠির চাকমা (৩৭)। শশাঙ্কের বাড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উত্তর পাবলাখালী, নন্দ কুমারের বাড়ি নলবন্যে ও যুধিষ্ঠিরের বাড়ি শিজক গ্রামে।
দুই নেতাকে হত্যার প্রতিবাদে জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাঙামাটি শহরে গতকাল বিক্ষোভ সমাবেশ করেন। উত্তর কালিন্দীপুরের জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে বনরূপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তারা হত্যকাণ্ডের জন্য ইউপিডিএফ ও এম এন লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জনসংহতি সমিতির ওই দুই নেতা সার্বোয়াতলীতে শিজক কলেজের সামনে একটি চায়ের দোকানে যান। সেখানে আরও কয়েকজন ছিলেন। এ সময় কলেজের পরিত্যক্ত এক ছাত্রাবাস থেকে আটজনের সশস্ত্র দুর্বৃত্ত দল বেরিয়ে আসে। তাদের দেখে সমিতির নেতা শশাঙ্ক মিত্র ও নন্দ কুমারসহ লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। দুর্বৃত্তরা এই দুই নেতার পিছু ছুটে এবং তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় গুলিতে স্থানীয় বাসিন্দা যুধিষ্ঠির চাকমাও নিহত হন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা নৌকায় করে কাচালং নদী পার হয়ে পশ্চিমে নলবন্যে এলাকার দিকে পালিয়ে যায়।
যুধিষ্ঠিরের প্রতিবেশীরা জানান, তিনি বাঁশ সংগ্রহের জন্য শিজক এলাকার গভীর জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল খুঁজতে কলেজের সামনে যান।
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, পুলিশ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চার থেকে ছয়টি করে গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের এ অভিযোগ করা হচ্ছে।’ জনসংহতি সমিতির (এম এন লারমা) সাংগঠনিক সম্পাদক চিত্র বিকাশ চাকমা বলেন, ‘আমাদের দল এ ধরনের কোনো কার্যকলাপে জড়িত নয়। আমাদের কোনো সশস্ত্র সদস্যও নেই।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় কেউ মামলা করেনি।