
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয় বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান।
আজ শুক্রবার কোচবিহারের বিভিন্ন সূত্রে জানা গেছে, রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য দিল্লিতে বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট তাদের বিচার শেষ করেছেন গতকাল। গত ১৩ আগস্ট কোচবিহার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সোনারীতে বিএসএফের ১৮১ ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে এই বিচারকাজ শুরু হয়।
অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল।
মামলায় সাক্ষ্য দিতে বাংলাদেশ থেকে ফেলানীর বাবা ও মামা ভারতে গিয়েছিলেন।
গুয়াহাটি বিএসএফের ফ্রন্টিয়ারের ডিআইজি (কমিউনিকেশন) সি পি ত্রিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী এই বিচারকাজ পরিচালনা করেন।
বিচারের নামে অবিচার
এদিকে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, মাসুম নামের ভারতের একটি মানবাধিকার সংগঠন এই রায়কে বিচারের নামে অবিচার বলে মন্তব্য করেছে।সংগঠনটি সীমান্ত হত্যা নিয়ে কাজ করে।
সংগঠনের প্রধান কিরীটি রায় বিবিসি বাংলাকে বলেছেন, ‘প্রথমত এটা ন্যায়বিচার নয়, বিচারের নামে অবিচার।আর দ্বিতীয়ত, ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বাঁচার অধিকার নিশ্চিত করা হয়েছে।ভারতীয় ভূখণ্ডে যাঁরাই থাকবেন, তাঁদের সবারই বাঁচার অধিকার নিশ্চিত করা হয়েছে।ফেলানীকে তো গুলি করা হয়েছিল ভারতীয় ভূখণ্ডে।তাই তার বাঁচার অধিকার লঙ্ঘিত হয়েছে।’
এই রায়ের ফলে একদিকে যেমন সংবিধানের মূলনীতি লঙ্ঘিত হয়েছে, তেমনি বিদেশের মানুষের কাছে ভারতের বদনাম করা হয়েছে বলে মন্তব্য কিরীটি রায়ের।হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে এই রায়কে চ্যালেঞ্জ করার কথাও ভাবছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবা নুরুল ইসলামের সঙ্গে দিল্লি থেকে বাড়ির উদ্দেশে ফিরছিল। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় সকাল ছয়টার দিকে তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হওয়ার চেষ্টা করে। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ ফেলানীকে দেখে গুলি চালালে কাঁটাতারে সঙ্গে গায়ে থাকা সোয়েটারে আটকা পড়ে ফেলানী। এরপর টানা চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার পর নামানো হয় ফেলানীর মৃতদেহ। এ ঘটনার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই হত্যার প্রতিবাদে দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কড়া প্রতিবাদ ওঠে।