গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসা এক রোহিঙ্গার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকে গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে গত রোববার রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসেন শাহ আলম (৪৫)। তাঁর আশ্রয় জোটে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে। এটি একটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবির। গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান। তাঁর বাড়ি রাখাইন রাজ্যের মাংগালা খাল এলাকায় বলে জানান লেদা রোহিঙ্গা বস্তির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া।
এদিকে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের নৌ ও স্থলসীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা আরও ৪০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গত রোববার সন্ধ্যা সাতটা থেকে গতকাল সকাল সাতটা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে তাঁরা অনুপ্রবেশের চেষ্টা করেন। এর মধ্যে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেন ১২ রোহিঙ্গা। আর উখিয়ার স্থল ও জলপথের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৮ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করেন। তাঁদের সবাইকে আবার মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।
লেদা রোহিঙ্গা বস্তির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, মিয়ানমারের মাংগালা খাল এলাকায় সে দেশের সেনাবাহিনী ও পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হন শাহ আলম। পরে রোববার রাত আটটার দিকে নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফের দমদমিয়া পয়েন্ট দিয়ে তিনিসহ চারজন সীমান্ত পাড়ি দেন। আশ্রয় নেন বস্তির একটি ঘরে। গতকাল দুপুরে তিনি মারা যান।
এর আগে গত ২৬ নভেম্বর লেদা রোহিঙ্গা বস্তিতে মারা যায় পাঁচ মাস বয়সী শিশু জানে আলম। তার মা নুর বেগম ওই দিন ভোরে মিয়ানমার থেকে পালিয়ে অন্যদের সঙ্গে ছেলেসহ এই বস্তিতে আশ্রয় নেন।
এদিকে শাহ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান।
উখিয়া সীমান্তে দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার স্থল ও জলপথের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ১৫ শিশু, ৭ নারী, ৬ পুরুষসহ মোট ২৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তারা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।
অন্যদিকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাকে বাধা দেন বিজিবি সদস্যরা। গতকাল সকাল ছয়টার দিকে টেকনাফের হ্নীলা পয়েন্ট দিয়ে ওই নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে জানান টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। তিনি বলেন, ওই নৌকাটিতে শিশু, নারী-পুরুষসহ ১২ জন রোহিঙ্গা ছিল। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়।