গুলিবিদ্ধ আ.লীগ নেতার অস্ত্রোপচার, বের হয়েছে তিন গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুর থানা আওয়ামী লীগের নেতা ও সাবেক কমিশনার হাজি মোহাম্মদ সাঈদের (৬০) শরীর থেকে তিনটি গুলি বের করা হয়েছে। অস্ত্রোপচারের পর স্বজনদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিত্সক রিয়াদ মোরশেদ প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের সময় সাঈদের পেটের ডান পাশ থেকে দুটি আর ডান হাত থেকে একটি গুলি বের করা হয়। আপাতত তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ছয়-সাত দিন না গেলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুরের দেবেন্দ্রনাথ রোডের বাড়ির সামনে সাঈদকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহাম্মদ সাঈদের স্ত্রী আনারকলি সাঈদ আজ দুপুরে সাংবাদিকদের জানান, গতকাল দিবাগত রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সাঈদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এ সময় ২১ ব্যাগ রক্ত লাগে। ভোরবেলা তাঁর জ্ঞান ফেরে। আজ সকাল সাতটার দিকে বড় ছেলে সোবহান রহমানের সঙ্গে কথা বলেন তিনি। বেলা একটার দিকে তিনি তাঁর (স্ত্রীর) সঙ্গে কথা বলে দোয়া চেয়েছেন।

আনারকলি সাঈদ জানান, হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘কেন বা কী কারণে এ হামলা হলো, কিছুই বুঝতে পারছি না। কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। কোনো ধরনের হুমকিও আসেনি যে কাউকে দায়ী করব।’