শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ আবদুর রহিম (২৫) গত সোমবার মারা গেছেন। এ নিয়ে ওই সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।এদিকে, গত সোমবার উপজেলার মুনাপ্রধানীয়া গ্রামে নির্বাচনী সহিংসতায় ৩০ জন আহত হয়েছে। এ সময় ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়।স্থানীয় সূত্রগুলোর বিবরণ অনুযায়ী, গত রোববার আলী আশ্রাফ বেপারীকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালট বাক্স উপজেলা সদরে নেওয়া হচ্ছিল। এ সময় ভোটকেন্দ্র থেকে প্রায় ২০০ গজ দূরে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মমিন দিদারের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫০টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুলাল গাজী ও আবুল খায়ের চৌকিদার মারা যান। গুলিবিদ্ধ হন আবদুর রহিমসহ আরও পাঁচজন।গুলিবিদ্ধ নরসিংহপুর গ্রামের আবদুর রহিমকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ১১টার দিকে তিনি সেখানে মারা যান।আবদুর রহিমের বাবা ছোবাহান হাওলাদার বলেন, পুলিশ লাঠিপেটা করলেই লোকজন সরে যেত। কিন্তু লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ নির্দয়ভাবে গুলি চালিয়েছে। তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছি না। আল্লাহ যেন তাঁদের বিচার করেন।’সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন চন্দ্র মহাপাত্র জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে সখীপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে উত্তর তারাবুনিয়া ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন মাঝির সমর্থকেরা মুনাপ্রধানীয়া গ্রামে হামলা চালায়। হামলায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মোল্লার ২০ জন আত্মীয়স্বজন ও সমর্থক আহত হয়। হামলাকারীরা ২০টি বাড়িতে ভাঙচুর চালায়।পরে ইউনুছ আলী মোল্লার সমর্থকেরা মুনাপ্রধানীয়া গ্রামে ইয়াছিন মাঝির বাড়িতে হামলা চালায়। হামলায় ১০ জন আহত হয়। হামলাকারীরা পাঁচটি ঘর ভাঙচুর করে।