গুলিবিদ্ধ ইমাম এখন ঢাকা মেডিকেলে

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমানকে (৫৮) আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার পরপরই শাহীনুরকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। তবে আজ তাঁর অস্ত্রোপচার করা হয়নি। বর্তমানে তিনি সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি আছেন। আগামীকাল বুধবার তাঁর অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
শাহীনুর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসায় গঠিত বোর্ড তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আজ সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে শাহীনুরের শরীর থেকে গুলি বের করে আনা সম্ভব কি না, তা নিশ্চিত হতে গতকাল সোমবার পাঁচ সদস্যের ওই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের সদস্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম বলেন, শাহীনুরকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে অর্থোপেডিকস বিভাগে স্থানান্তর করা হয়। তাঁর কোমরে গুলি বিঁধেছে। সেখান থেকে গুলি বের করতে অস্ত্রোপচার করাটা খুব জটিল। তাই কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।