গুলিবিদ্ধ ইমাম ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিয়া মসজিদে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমানকে (৫৮) বগুড়া থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামে শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে আহত হন।
মুসল্লিদের ওপর ওই হামলায় মসজিদের মুয়াজ্জিন নিহত হন। আহত হন ইমামসহ তিনজন। গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম শাহীনুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোমরে বিঁধে থাকা গুলি বের করতে অস্ত্রোপচারের জন্য সেখানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু পাঁচ দিনেও অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন গঠিত বোর্ডের চিকিৎসকেরা। সে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান রেজাউল আলম।