গুলিবিদ্ধ ইমামকে ঢাকায় নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় গুলিবিদ্ধ ইমাম শাহীনুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার তাঁকে ঢাকায় নেওয়া হতে পারে।
অস্ত্রোপচারের মাধ্যমে শাহীনুরের (৫৮) শরীর থেকে গুলি বের করে আনা সম্ভব কি না, তা নিশ্চিত হতে পাঁচ সদস্যের ওই মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম, সার্জারি বিভাগের প্রধান আবদুল মোত্তালেব ও একই বিভাগের সহযোগী অধ্যাপক গণেশ কুমার আগরওয়ালা, নিউরো সার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার এবং অবেদন বিভাগের সহকারী অধ্যাপক নিতাই চন্দ্র সরকার।
হাসপাতালটির পরিচালক এ কে এম মাসুদ আহসান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে বোর্ড বসে শাহীনুরকে ঢাকা মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থোপেডিকস বিভাগের প্রধান রেজাউল আলম বলেন, শাহীনুরকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে অর্থোপেডিকস বিভাগে স্থানান্তর করা হয়। তাঁর কোমরে গুলি বিঁধেছে। সেখান থেকে গুলি বের করতে অস্ত্রোপচার করাটা খুব জটিল। তাই কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গতকাল মেডিকেল বোর্ড তাঁকে ঢাকায় পাঠানোর বিষয়ে মত দেয়। এ বিষয়ে শাহীনুরের স্ত্রী শাহানাজ আরেফীন বলেন, ‘চিকিৎসকেরা তাঁকে (শাহীনুর) ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে হরিপুর ইমামবাড়াতে শিয়া সম্প্রদায়ের মুরব্বিরা বৈঠক করছেন। সেখানেই ঠিক করা হবে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় কখন ও কোন হাসপাতালে নেওয়া হবে।’
গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মণ্ডল বলেন, শাহীনুরকে নিরাপত্তাজনিত কারণে আগামীকাল (আজ) সকালে ঢাকা মেডিকেলে পাঠানোর বিষয়ে মত দিয়েছেন মুরব্বিরা।
গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের শিয়া মসজিদে (মসজিদ-ই-আল মোস্তফা) অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালায়। এতে চারজন আহত হন। তাঁদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৫৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্য তিনজনের মধ্যে মসজিদের ইমাম শাহীনুর, মুসল্লি আবু তাহের এবং আফতাব আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আফতাবকে বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বের করা হয় আবু তাহেরের। তবে চার দিনেও ইমাম শাহীনুরের শরীর থেকে গুলি বের না করায় চিকিৎসায় অবহেলার অভিযোগ করছিলেন স্বজনেরা।
এদিকে ওই হামলার ঘটনায় শিবগঞ্জ থানায় করা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তকাজে সহায়ক কমিটির প্রধান ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে গতকাল পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র মেলেনি।
৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা: হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। গতকাল বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর-গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম এই ঘোষণা দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‘এই হামলা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। আশা রাখছি, কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের হবে। প্রকৃত অপরাধীদের ধরতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা ভয় পাবেন না। আশা করি, এমন ঘটনা আর ঘটবে না। প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। প্রশাসন থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’