গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর মৃত্যু প্রতিবাদে বাড়িঘরভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়াটার এলাকার বাসিন্দা ছাত্রদলের কর্মী ওমর ফারুক ওরফে রাসেল (২২) গুলিবিদ্ধ হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় হত্যা মামলার দুই আসামির বাড়িঘর ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় পুলিশ হত্যা মামলার দুই আসামির মা ও বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গত রোববার বিকেলে ওমর ফারুক একই এলাকার প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ হন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুবের বর্ণনা অনুযায়ী, গত রোববার বেলা দুইটার দিকে নগরের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর পানির ট্যাংকির অদূরে মঈনুল ইসলামের বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন একই এলাকার বাসিন্দা ছাত্রদলের কর্মী ওমর ফারুক। সেখানে ওত পেতে থাকা একই এলাকার ছাত্রদলের কর্মী তারেক আল তাইফ ওরফে শিপলু, শহীদুল হক ওরফে জিমি, মনির হোসেন, রুবেল মিয়া ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন নাইনএমএম পিস্তল দিয়ে ওমরকে গুলি করেন। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। ওমরের মৃত্যুর খবরে বেলা তিনটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তারেক ও শহীদুলের বাড়িঘরে ভাঙচুর চালায়। ওই সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। কোতোয়ালি মডেল থানার পুলিশ তারেকের বাবা নাসিরুল হক ও রুবেলের মা সুফিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত ওমর বিষ্ণুপুর এলাকার ফুল মিয়ার ছেলে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই ঘটনা ঘটে। ওমর, তারেক, শহীদুল, মনির ও রুবেল ছাত্রদলের স্থানীয় কর্মী। ওরা একসঙ্গেই থাকত। যতটুকু জেনেছি, কয়েক মাস আগে ওমরের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এর জের ধরে গত রোববার গোলাগুলি হয়। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।’ বিষ্ণুপুর এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওমর আট মাস আগে বিষ্ণুপুর এলাকার শহীদুল ওরফে জিমিকে গুলি করেছিলেন। ওই ঘটনায় ওমর দীর্ঘদিন কারাভোগ শেষে ৩ জুন ছাড়া পান। এবার শহীদুল ও তাঁর সহযোগীরা ওমরের ওপর গুলিবর্ষণ করেন। বিষ্ণুপুর এলাকায় অস্ত্রবাজির ঘটনায় ওই চক্র জড়িত বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, রোববারের ঘটনার পর ওমরের মা খোরশেদা বেগম বাদী হয়ে বিষ্ণুপুর এলাকার তারেক, শহীদুল, মনির ও রুবেলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বুধবার রাতে হত্যাচেষ্টার একটি মামলা করেন। গতকাল দুপুরে ওমর মারা যান। এখন ওই মামলাই হত্যা মামলায় রূপান্তরিত হবে। ওমরের মৃত্যুর পর আসামিদের বাড়িঘর ভাঙচুর করতে চেয়েছিল এলাকাবাসী। পুলিশ সেখানে উপস্থিত হওয়ায় তেমন কোনো ঘটনা ঘটেনি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।