গুলিবিদ্ধ দুজনসহ আটজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিসহ আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের সবাই ডাকাতির সঙ্গে জড়িত। তাঁদের ফেলে যাওয়া ট্রাক থেকে বিদ্যুতের চারটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে রংপুর শহরের আর কে সড়কে সন্দেহ হওয়ায় একটি ট্রাককে টহলরত পুলিশ থামানোর চেষ্টা করে। এ সময় চালক ট্রাকটি নিয়ে পালাতে থাকলে পুলিশ যানটির পিছু নেয়। একপর্যায়ে বদরগঞ্জ-রংপুর সড়কের মমিনপুর এলাকায় পৌঁছালে চালক ট্রাক দিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি চাপা দেওয়ার চেষ্টা করেন।
তখন ট্রাকের ওপর থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এরপর পুলিশ ট্রাকে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ট্রাকটি বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সড়কে ঢুকে পড়ে। পথ শেষ হয়ে যাওয়ায় রেলওয়ে স্টেশনের সামনে ট্রাকটি ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় উপজেলার কালুপাড়ার লালদীঘি এলাকা থেকে পুলিশ দুজন গুলিবিদ্ধসহ আট ব্যক্তিকে ধরে ফেলে।
গতকাল বিকেলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের সবাই ডাকাতির সঙ্গে জড়িত। তাঁদের ফেলে যাওয়া ট্রাকটি থেকে চারটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে। ট্রান্সফরমারগুলো রংপুর শহরের কেরানিপাড়া ও মাস্টারপাড়া এবং লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সুখানদীঘি এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে খুলে নেওয়া হয়। গুলিবিদ্ধ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।