গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসপাতালে, মামলা নিচ্ছে না পুলিশ
গুলিতে আহত হয়েছেন ঝিনাইদহ বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের চেষ্টা করা হয়েছে। কিন্তু এক মাসেও পুলিশ মামলা নেয়নি।এদিকে থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে বাদীপক্ষ যায় আদালতে। আদালত মামলাটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) হিসেবে গ্রহণ করার জন্য গত ৯ সেপ্টেম্বর মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মামলাটি রেকর্ড করা হয়নি। পুলিশ বলছে, তারা কোনো মামলাই এখনো পায়নি। বাদীপক্ষ মামলা দিতে থানায় আসেনি, আর আদালতের কোনো নির্দেশও তারা পায়নি।ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল লতিফ। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তৃতীয় দফায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তাঁর বাড়িও বাঁশবাড়িয়া গ্রামে। কিন্তু তিনি বাস করতেন পাশের ভৈরবা বাজারে।আবদুল লতিফের ভাই সাইজুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ নানা চক্রান্তে লিপ্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁর ভাইয়ের বাড়ি ভাঙচুর করে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। পালিয়ে বেড়াতে থাকেন আবদুল লতিফ। পলাতক অবস্থায় তিনি নির্বাচন করে জয়লাভ করেন। প্রার্থী হয়েও বিপুল ভোটে পরাজিত হন আওয়ামী লীগের নেতা আবদুল মালেক।সাইজুল ইসলাম জানান, চেয়ারম্যান হওয়ার পর তিনি মহেশপুর শহরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বসবাস করতেন। প্রায় দেড় বছর আগে মহেশপুর উপজেলা চত্বরে তাঁর ওপর একদফা বোমা হামলা হয়। আহত হন আবদুল লতিফ। তখনো থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেনি।সর্বশেষ ঘটনাটি ঘটে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। ওই দিন আবদুল লতিফসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী ভৈরবা বাজারে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। এমন সময় একদল সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে আবদুল লতিফ গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা আইনজীবী আব্বাস আলী, বিএনপির কর্মী শরিফুল ইসলাম, লিটন মিয়া ও সাজু মিয়া আহত হন। আবদুল লতিফের পেটে ও হাতে তিনটি গুলি বিঁধে। তাঁকে প্রথমে যশোর এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।স্কয়ার হাসপাতালের এক চিকিৎসক গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘তিনি এখন আশঙ্কামুক্ত। রোববার তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে।’ সাইজুল ইসলাম আরও জানান, ঘটনার পর ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে একটি এজাহার দিতে গিয়েছিলেন মহেশপুর থানায়। কিন্তু পুলিশ তা নেয়নি। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অজ্ঞাত আসামি উল্লেখ করলে মামলা নথিভুক্ত হবে, নয়তো হবে না। ৯ সেপ্টেম্বর তিনি ঝিনাইদহ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে একটি মামলা করেন, যে মামলায় বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মালেকসহ ১৪ জনকে আসামি করেছেন। আদালত ওই দিনই মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেন। কিন্তু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মামলাটি নথিভুক্ত হয়নি।অভিযুক্ত আওয়ামী লীগের নেতা আবদুল মালেক বলেন, তিনি ঘটনার দিন এলাকায় ছিলেন না। তাঁকে প্রতিপক্ষ ভেবে হয়রানি করার জন্য মামলা দেওয়া হচ্ছে। মহেশপুর থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সহিদুল্লাহ জানান, বাদীপক্ষ থানায় কোনো মামলা দিতে আসেনি। তাই তাদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। আর আদালতের কোনো নির্দেশ তিনি এখনো পাননি, যে কারণে মামলা রেকর্ড করা হয়নি।