
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছিল। একটি রাবার বুলেট আচমকা পথচারী মেহেদী হাসান মল্লিকের (২২) ডান চোখে লাগে।
মেহেদী পেশায় রাজমিস্ত্রি। টানাটানির সংসার তাঁর। এ অবস্থায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত ২৭ নভেম্বর বিকেলে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের পিটুনিতে আহত ফুলবাড়িয়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরে মারা যান। আর সংঘর্ষের সময় ধাওয়ায় পড়ে আহত সফর আলী নামের এক পথচারীও পরে মারা যান।
ওই সংঘর্ষে আহত হন মেহেদী হাসানসহ প্রায় ২৫ জন। মেহেদীর বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেদী হাসান ও তাঁর বাবা আলী আজগর মল্লিকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, বাবা-ছেলে দুজনই রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। মেহেদীর ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে সংশয় থাকায় পুরো পরিবারই অনিশ্চয়তায় রয়েছে। এখনো মেহেদীর চিকিৎসা চলছে। কিন্তু তাঁর চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
মেহেদী হাসান জানান, তিনি ওই দিন (২৭ নভেম্বর) উপজেলা সদরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যান। দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছিলেন। তখন একটি রাবার বুলেট তাঁর ডান চোখে লাগে।
এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতাল ও একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসা করান। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন রাজধানীর জাতীয় চক্ষু ইনস্টিটিউটে। সেখানে চোখের অস্ত্রোপচার হয়। গত শনিবার তিনি বাড়ি চলে আসেন।
চিকিৎসকদের পরামর্শে আগামী শুক্রবার আবার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাওয়ার কথা রয়েছে মেহেদীর।