গুলিবিদ্ধ লিটন বাঁ পা হারালেন
রাজধানীর ইস্কাটনে পুলিশের গুলিতে আহত যুবক মো. লিটনের বাঁ পা হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। গত বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিদ্ধ পায়ের ওই অংশ কেটে ফেলেন চিকিৎসকেরা।
গত সোমবার রাতে পায়ে গুলিবিদ্ধ লিটনের কাছ থেকে ৫৯ লাখ টাকা উদ্ধার করে রমনা থানার পুলিশ। পুলিশ বলছে, লিটন ছিনতাইকারী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি আহত হন। আর টাকাগুলো এক ব্যবসায়ীর বৈধ টাকা। আর লিটন বলেছেন, টাকাগুলো হুন্ডির। ওই টাকা কেড়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে ধরে থানায় নেওয়ার পথে পায়ে গুলি করে।
লিটনের ভাই মো. স্বপন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার অস্ত্রোপচার করে তাঁর ভাইয়ের (লিটন) গুলিবিদ্ধ বাঁ পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। স্বপন ও লিটনের স্ত্রী মিনারা বেগম এ বিষয়ে আর কিছু বলতে চাইছেন না।
তবে লিটনের এক বোনের অভিযোগ, গুলিবিদ্ধ হওয়ার পর লিটন ঠিকমতো চিকিৎসা পেলে হয়তো পা-টি রক্ষা করা যেত। অবশ্য পুলিশ বলেছে, যথানিয়মে লিটনের চিকিৎসা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সোমবার রাতের ওই ঘটনায় পুলিশ একটি এবং ওই টাকার মালিক ব্যবসায়ী জিয়াউর রহমান আরেকটি মামলা করেছেন। এ ঘটনায় মনির নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, জিয়াউর রহমান তাঁর ব্যাংকের নথি পুলিশের কাছে জমা দিয়েছেন। তিনি যে যে ব্যাংক থেকে টাকা তুলেছেন সেই ব্যাংকের কাগজ দেখিয়েছেন। টাকাগুলো এখনো পুলিশের কাছে রয়েছে। তবে অচিরেই সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেবে পুলিশ। আদালত টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।