গুলিবিদ্ধ সাইমুনকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি
ঈদ মেলায় আনন্দ করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া কিশোর সাইমুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বুধবার রাতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যয়বহুল এ হাসপাতালে ভর্তি করানো ও অন্যান্য খরচের জোগান দিতে এগিয়ে এসেছেন এলাকাবাসী এবং আত্মীয়স্বজন।
অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ সাইমুনের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে টেলিফোনে সাইমুনের শারীরিক অবস্থা জানাতে রাজি হয়নি।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেটে ঈদ মেলায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেই গুলি এসে লাগে কিশোর সাইমুনের মাথায়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাইমুনের বাবা শেখ জাহাঙ্গীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছেলেকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে রেখে চিকিত্সা করানোর সামর্থ্য নেই আমার। এলাকাবাসী চাঁদা তুলে ৭০ হাজার টাকা দিয়েছেন। সে ভরসাতেই ছেলেকে এখানে ভর্তি করিয়েছি। ছেলের অবস্থা আগের চেয়ে একটু ভালো।’
শেখ জাহাঙ্গীর আরও বলেন, ‘এ হাসপাতালে ভর্তির পর সিটিস্ক্যান করা হয়েছে। ছেলের মাথায় একটি গুলি লাগে এবং মাথায় এখনো গুলি আছে। অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা বলেছিলেন, দুটি গুলি লেগেছে। অপারেশন করে নাকি একটি গুলি বেরও করছে। সেখানে মিছামিছি টাকা ও সময় নষ্ট হলো।’
সাইমুন শেখ মা-বাবার একমাত্র ছেলে। বয়স ১৩ বছর। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তার বাবা শেখ জাহাঙ্গীর লক্ষ্মীবাজারে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন।
নগরের সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সন্দেহভাজন কয়েকজনকে আসামি করে এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা এখনো ধরা পড়েনি। তবে অভিযান চলছে।’