গুলিবিদ্ধ সালামও মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার আদর্শনগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ আবদুস সালামও (৬৫) মারা গেছেন। তিনি স্থানীয় রিকশা গ্যারেজের মালিক। এ নিয়ে এ হামলায় গুলিবিদ্ধ চারজনই মারা গেলেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয় বলে শুনেছি। মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির তদন্ত কর্মকর্তা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে।’
১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় অস্ত্রধারীদের হামলায় চারজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দুজনকে সেই রাতেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মোল্লা (৫৩) এবং উত্তর বাড্ডার একটি হাসপাতালের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ ওরফে মানিক (৪০)। পরদিন মারা যান ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সহসাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা। সর্বশেষ গতকাল রাত সোয়া ১১টার দিকে মারা যান পিঠে গুলিবিদ্ধ রিকশা গ্যারেজের মালিক আবদুস সালাম।
ওই হামলার পরদিন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুরের বাবা মতিউর রহমান বাড্ডা থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত ওই মামলায় দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন বাড্ডা থানা আওয়ামী লীগের শিক্ষা–বিষয়ক সম্পাদক মো. ফারুক ওরফে মিলন (৪০) এবং দলের কর্মী নূর মোহাম্মদ (৩০)।
ঝুট ব্যবসা, গরুর হাটসহ বিভিন্ন বৈধ-অবৈধ আয়ের উৎসের ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড বলে এখন পর্যন্ত পুলিশের সন্দেহ।