গুলিবিদ্ধ সুরাইয়া কেমন আছে?
২০১৫ সালের ২৩ জুলাই। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হয় এক শিশু। শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। এখন এই সুরাইয়ার বয়স হয়েছে দুই বছর এক মাস। এই বয়সী সাধারণ শিশুদের তুলনায় অনেক বিষয়েই সে পিছিয়ে আছে। এখন পর্যন্ত একা ভালোভাবে বসতে পারে না। দাঁড়াতে পারে না। ডান হাত দিয়ে জিনিসপত্র ধরতে পারে না। যে চোখের পাশ দিয়ে গুলি বেরিয়ে গিয়েছিল, ওই চোখটি দিয়ে দেখে না। তবে সুরাইয়ার দুষ্টুমিরও অন্ত নেই।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনার কক্ষে দেখা মেলে সুরাইয়ার। মায়ের কোলে থাকা সুরাইয়ার চোখেমুখে মাগুরা থেকে হাসপাতাল পর্যন্ত দীর্ঘ ভ্রমণের ছাপ। বৃষ্টিতে ভিজতে হয়েছে কয়েক দফা। তবে প্রতিবেদকের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠতে খুব বেশি সময় লাগল না। একটু করে হাসে আর জিব বের করে। তবে সুরাইয়ার এ হাসি তার বাবা বাচ্চু ভূঁইয়া এবং মা নাজমা বেগমের মুখে তেমন একটা ছায়া ফেলে না। তাঁরা চিন্তিত মেয়ের ভবিষ্যৎ নিয়ে।
মাতৃজঠরে গুলিবিদ্ধ হওয়ার পর শুরুতে মাগুরা সদর হাসপাতাল এবং তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়াকে বাঁচাতে কঠিন সংগ্রামে নামেন একদল চিকিৎসক। গুলিবিদ্ধ হওয়ার পর মাগুরা সদর হাসপাতালের বিশেষজ্ঞ শল্যচিকিৎসক শফিউর রহমান যখন অস্ত্রোপচার করেন, তখন গর্ভস্থ শিশুটির বয়স ৩২ সপ্তাহ ৫ দিন। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তখন সুরাইয়ার মা নাজমার পেটের ভেতরটা ছিল রক্তে পরিপূর্ণ, অ্যামনিওটিক ফ্লুইড বা জরায়ুর পানিতে মাখামাখি আর গুলিটা পেটের বাঁ দিক ভেদ করে আটকে ছিল শ্রেণিচক্রের পেশিতে। আর সুরাইয়ার গলার পাশ ঘেঁষে চোখের কিছু ক্ষতি করে গুলিটা বেরিয়ে গেছে অন্য ধার দিয়ে। জন্মের ৫৬ ঘণ্টা পর মাকে ছেড়ে চাচা ও ফুফুর সঙ্গে মাগুরা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরে নাজমা সংক্রমণ, শ্বাসকষ্ট, জ্বর ইত্যাদি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সুরাইয়ার অস্ত্রোপচার করেন অধ্যাপক কানিজ হাসিনাসহ অন্য চিকিৎসকেরা। তার শরীরে ২১টি সেলাই দিতে হয়। সুরাইয়া হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিট থেকে অবশেষে বাবা মায়ের কোলে উঠে বাড়ি ফেরে।

আজ সুরাইয়াকে দেখার পর অধ্যাপক কানিজ হাসিনা প্রথম আলোকে বলেন, ছয় মাস পরপর সুরাইয়াকে ফলোআপ করানোর জন্য মাগুরা থেকে আনা হচ্ছে। ওর চোখসহ শারীরিক অন্যান্য বিষয় দেখা হচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কিছু জটিলতা দেখা দেবে তা জানা কথা। এখন ও বড় হচ্ছে। ফলে হাঁটতে পারছে কি না, কথা বলতে পারছে কি না, এ বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। এবার চোখসহ সবকিছু পরীক্ষার পর পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসকের সঙ্গে কথা বলার মাঝখানেই সুরাইয়ার মা নাজমা বেগম আকুল হয়ে চিকিৎসকের কাছে জানতে চান—আমার মেয়ে কথা বলতে পারবে তো?
নাজমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চা হাঁটতে পারে না। চোখে দেখে না। মাথায় খেলে না এই মেয়েকে নিয়ে কী করব। ওর বয়সী অন্যরা হেঁটে বেড়ায়, কথা বলে। ও তো কিছুই করে না।’
২০১৫ সালের ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচা শ্বশুর মমিন ভূঁইয়া। ঘটনার পরদিন তিনি মারা যান।
মাগুরায় বাচ্চু ভূঁইয়ার একটি চায়ের দোকান আছে। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ে পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমনসহ অন্যান্য আসামিরা জামিনে আছেন। তবে মামলা তুলে নিতে তাঁরা কোনো হুমকি দিচ্ছেন না।
মাতৃজঠরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি বিরল ঘটনা হিসেবে দেশ এবং দেশের বাইরেও তখন আলোড়ন তোলে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন সুরাইয়া ও তার পরিবারকে সহায়তা করতে এগিয়ে আসে। তবে এখন আর সেভাবে কেউ খোঁজ নেয় না পরিবারটির। বাচ্চু ভূঁইয়া বলেন, ‘টাকাপয়সা সহায়তার চাইতেও মেয়ের যাতে সুচিকিৎসা হয় সরকারের কাছে তা-ই চাই।’