গুলিবিদ্ধ হরিণ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে একদল শিকারি বাড়ির নারীদের দিয়ে বনকর্মীদের প্রতিরোধ করে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে পুলিশের সহায়তায় বনকর্মীরা ওই বাড়ি থেকে একটি হরিণ উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে সুন্দরবনসংলগ্ন আমুরবুনিয়া গ্রামে। এ ঘটনায় বাড়ির মালিক মুস্তফা হাওলাদারসহ তিন হরিণ শিকারির নাম উল্লেখ করে গতকাল মঙ্গলবার বন আদালতে বন আইনে একটি মামলা হয়েছে। তবে কোনো নারীকে ওই মামলায় আসামি করা হয়নি। মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো গতকাল সকালে প্রথম আলোকে বলেন, সোমবার রাত আটটার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ক্যাম্পের বনকর্মীরা কয়েকটি গুলির শব্দ পান। গুলির উৎস ধরে তাঁরা বনসংলগ্ন আমুরবুনিয়া গ্রামে তল্লাশি চালান। একপর্যায়ে গ্রামবাসীর মাধ্যমে হরিণ শিকারের কথা জানতে পেরে বনকর্মীরা মুস্তফা হাওলাদারের বাড়িতে তল্লাশি করতে যান। এ সময় ওই বাড়িতে মুস্তফাসহ কয়েকজন পুরুষ ছিলেন। কিন্তু বাড়ির নারী সদস্যরা সামনে এসে বনকর্মীদের বাড়িতে ঢুকতে বাধা দেন। এই ফাঁকে বাড়ির পেছন দিয়ে মুস্তফাসহ অন্যরা পালিয়ে যান। পরে বনকর্মীরা রাত ১০টার দিকে জিউধরা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় আবার ওই বাড়িতে তল্লাশি চালান এবং গুলিবিদ্ধ একটি মৃত হরিণ উদ্ধার করেন। প্রায় এক মণ ওজনের হরিণটির শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।