বুকে গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জাপানি নাগরিক কুনিও হোশির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য দেন কুনিওর ময়নাতদন্তকারী চার চিকিৎসক। এ সময় তাঁরা আদালতকে এ কথা বলেন। হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে আজ মঙ্গলবার ময়নাতদন্তের চার চিকিৎসকসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে। আজ এই চার চিকিৎসকসহ সাতজন সাক্ষ্য দেন। এ নিয়ে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ হলো।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, আজ সাক্ষ্য দেওয়া চার চিকিৎসক হলেন ময়নাতদন্ত কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদস্যসচিব হরেন্দ্রনাথ গোস্বামী, সদস্য রবিশঙ্কর মণ্ডল ও নারায়ণ চন্দ্র সাহা। রফিকুল ইসলাম সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, বুকে লাগা গুলিতে অতিরিক্ত রক্তক্ষরণে কুনিও হোশির মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর গলা ও হাতে গুলির আঘাতের চিহ্ন ছিল।
বিশেষ পিপি আরও জানান, এ ছাড়া আরও যে তিনজন সাক্ষ্য দেন, তাঁরা হলেন এ মামলায় গ্রেপ্তার জেএমবির সদস্য রংপুরের পীরগাছার আবু সাঈদের বাড়ি এলাকার বাসিন্দা জমসেদ আলী, মঞ্জু মিয়া ও মতিয়ার রহমান। তাঁরা বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরপ্লেটটি আসামি আবু সাঈদের দোকান থেকে উদ্ধার হয়েছে বলে তাঁরা দেখেছেন।
আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত সাত আসামির মধ্যে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলি এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।
পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।
এই মামলার অন্য দুই আসামির মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন। আরেক অভিযুক্ত কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ২০১৬ সালের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।