গুলিবিদ্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত মাহবুবুর রহমানের (২৩) সহকর্মী ও পুলিশের দাবি, হতাশা থেকে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন তিনি।
গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমানের মৃত্যু হয়। তাঁর বাড়ি শরীয়তপুরের কাঠহুগলী এলাকায়।
মাহবুবুর রহমানের সহকর্মী কাফি মণ্ডল প্রথম আলোকে জানান, নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টায় নেছারুল ইসলাম সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন মাহবুবুর। তাঁর কাছে থ্রি নট থ্রি রাইফেল ছিল। গুলিটি তাঁর নাভির পাশে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।
কাফির দাবি, এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে নিজের গুলিতে আত্মহত্যা করতে পারেন মাহবুব।
ডবলমুরিং থানা আনসার-ভিডিপির কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, মাহবুব তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তা কাগজে লিখে গেছেন। এসএসসি পরীক্ষায় ফেল করায় তাঁর মধ্যে হতাশা ছিল। এ কারণে নিজের গুলিতে আত্মহত্যা করেছেন। তাঁর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। পরীক্ষায় মেয়েটি পাস করলেও মাহবুব ফেল করায় অপমানিতবোধ করতে পারেন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, হতাশা থেকে নিজের গুলিতে আনসার সদস্য আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, মাহবুবের পেটের নাভির পাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।