গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কায়সারসহ তিন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান। সাক্ষ্যে তিনি বলেন, দরবার হলে বিডিআরের বিদ্রোহী সদস্যদের গুলিবর্ষণে তাঁর সামনে তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কায়সার, মেজর আজিজুল হাকিম ও মেজর রফিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।গতকাল সকাল ১০টায় বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে বিকেল সোয়া চারটা পর্যন্ত কার্যক্রম চলে। পরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।শুরুতে আগের সাক্ষী মেজর তারেক মোহাম্মদ ভাওয়ালীকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামি ডিএডি মির্জা হাবিবুর রহমান নিজেই এ সাক্ষীকে জেরা করেন। তাঁর জেরা শেষে মামলার সপ্তম সাক্ষী লে. কর্নেল জাহিদ হাসানের জবানবন্দি নেন আদালত।বর্তমানে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাসান আদালতে বলেন, ওই সময় তিনি মেজর পদবির জিএসও-২ হিসেবে বিডিআরের সিলেট সেক্টর সদর দপ্তরে কর্মরত ছিলেন। সীমান্তে চোরাচালান দমন, মাদকদ্রব্য আটকসহ বিভিন্ন অভিযানে সফলতার জন্য পুরস্কার নিতে তিনি ঘটনার সময় পিলখানায় আসেন।জাহিদ হাসান বলেন, বিদ্রোহ শুরুর দিন সকাল সোয়া ১০টার দিকে সেপাই সেলিম রেজা চার-পাঁচজন সশস্ত্র বিদ্রোহী সদস্যসহ মেগা ফোন নিয়ে দরবার হলে ঢুকে সবাইকে আত্মসমর্পণ করতে বলেন। পর্দার আড়ালে আশ্রয় নেওয়া তিনিসহ বেশির ভাগ কর্মকর্তা বের হন। এ সময় বিদ্রোহীদের এলোপাতাড়ি গুলিতে তাঁর সামনেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন লে. কর্নেল কায়সার, মেজর আজিজুল হাকিম ও মেজর রফিক। তিনি কায়সারকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। বিদ্রোহীরা রাইফেলের বাঁট দিয়ে তাঁর চোয়াল ভেঙে দেয়।লে. কর্নেল জাহিদ বলেন, কর্মকর্তাদের লাইনে দাঁড় করানোর সময় একজন জওয়ান হলুদ কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলেন। চোখ খোলার পর তিনি দেখেন, হাজারীবাগ ৫ নম্বর গেটের গার্ডরুমে তিনি আটক রয়েছেন। সেখানে ফোনে এক জওয়ানের কথায় বুঝতে পারেন, ডিজিকে (মহাপরিচালক) মেরে ফেলা হয়েছে। পরদিন সকাল ১০টার দিকে জওয়ানরা তাঁকে কোয়ার্টার গার্ডে নিয়ে আটকে রাখেন। বিকেল সোয়া চারটার দিকে ডিএডি তৌহিদ তাঁকে বের করে দেন। জবানবন্দির পর জাহিদ হাসানকে জেরা করেন আসামিদের আইনজীবীরা।